নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন।
রোববার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পুঁজিবাজার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই।
বৈঠকে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিএসইর পক্ষ থেকে দেশের পুঁজিবাজারের সম্প্রসারণ ও বহুমুখীকরণে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস বাজার চালু, নতুন সম্পদশ্রেণি (অ্যাসেট ক্লাস) যুক্ত করা এবং সিএসইকে বহুমাত্রিক (মাল্টি-অ্যাসেট) এক্সচেঞ্জ হিসেবে গড়ে তোলার বিষয়ে ভারতের সঙ্গে সহযোগিতার প্রস্তাব তুলে ধরা হয়। একইসঙ্গে ভারতীয় ব্রোকার ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
এ সময় ড. রাজীব রঞ্জন বলেন, ভারতের পুঁজিবাজারে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশকে সহায়তা করতে কাজে লাগানো যেতে পারে। যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত কর্মশালা এবং জ্ঞান বিনিময় কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কমোডিটি ডেরিভেটিভস খাতে অগ্রগতি অর্জন করতে পারে, যা মূল্য নির্ধারণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) বৈশ্বিকভাবে একটি সফল উদাহরণ, যার মডেল বাংলাদেশ অনুসরণ করতে পারে। এ ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) সহযোগিতাও গুরুত্বপূর্ণ হতে পারে।
ভারত বাংলাদেশকে উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে বলে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ একসঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকের শেষে সিএসই চেয়ারম্যান ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে পুঁজিবাজার খাতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
সম্প্রতি বাংলাদেশের পুঁজিবাজারে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উšে§াচিত হয়েছে জাপানের একটি শীর্ষ সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে। দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, সুশাসন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশনের (জেএসডিএ) মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়।
১৮ এপ্রিল ডিবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএর চেয়ারম্যান ও সিইও তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থার (এসআরও) সঙ্গে এটিই ডিবিএর প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে ধরা হচ্ছে।
জেএসডিএ কর্তৃক গঠিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটিজ খাতের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এ ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে অংশ নিয়ে পুঁজিবাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
প্রিন্ট করুন










Discussion about this post