নিজস্ব প্রতিবেদক : মাকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকের ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন ছেলে মির্জা ইয়াসির আব্বাস। সন্তানের পক্ষ থেকে গতকাল রোববার মাকে শেয়ার উপহার দেয়ার এই ঘোষণা দেয়া হয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেয়া এক ঘোষণায় বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস মা আফরোজা আব্বাসকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন। এই শেয়ার উপহার হিসেবে হস্তান্তর হবে এবং ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ডিএসই’র ট্রেডিং সিস্টেমের বাইরে কার্যকর করা হবে।
ঢাকার পুঁজিবাজারে গতকাল ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা। সেই হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়, আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা। তবে তিনি বর্তমান পরিচালনা পর্ষদে নেই। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।
ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মাকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন, তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় তিন শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালক হতে পারবেন।
ব্যাংক-সংশ্লিষ্টরা বলছেন, মাকে ব্যাংকের পরিচালক করতেই ছেলের পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। সর্বশেষ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারের ৪৪ শতাংশই ছিল এর উদ্যোক্তা-পরিচালকদের হাতে। ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার স্ত্রী আফরোজা আব্বাস।
ঢাকা ব্যাংকের পরিচালক ও মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাসের বর্তমানে শেয়ার আছে পাঁচ কোটির কিছু বেশি, যা মোট শেয়ারের ৪ দশমিক ৯ শতাংশ। মাকে তিন কোটির বেশি শেয়ার দেয়ায় ছেলের শেয়ার ধারণ কমবে, বিপরীতে মায়ের শেয়ার হোল্ডিং তিন শতাংশের মতো হবে। এর আগে আফরোজা আব্বাস ২০১১ সালের মার্চ পর্যন্ত পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাজনীতিবিদ মির্জা আব্বাসের স্ত্রী। ব্যাংকটির প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসের মা কমলা খাতুনও ব্যাংকটির পরিচালক ছিলেন।
মির্জা আব্বাস ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সংসদ সদস্য, মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন।
ঢাকা ব্যাংকের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, মির্জা ইয়াসির আব্বাসের হাতে রয়েছে ব্যাংকটির ৫ কোটি ৭৩ হাজার ৬৫০টি শেয়ার।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকের মোট ১০৫ কোটি ৬৯ লাখ শেয়ারের মধ্যে স্পনসর-পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।
প্রিন্ট করুন











Discussion about this post