শেয়ার বিজ ডেস্ক: তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি)-এর পৃষ্ঠপোষকতায় রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের কমব্যাট স্পোর্টস আয়োজন ‘ইন্টারন্যাশনাল ফাইট নাইট’। মুইয়েথাই, মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) এবং বক্সিং—এই তিন ডিসিপ্লিনে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি দেশি-বিদেশি ফাইটারদের অংশগ্রহণে ছিল জমজমাট।
শনিবার সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটি জুলকান ইনডোর অ্যারেনা-এ এই আসরের সমাপ্তি হয়। দর্শকদের উপস্থিতিতে পুরো ভেন্যু ছিল উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। দর্শক গ্যালারি থেকে প্রতিযোগিতা উপভোগ করেন সাফওয়ান সোবহান, ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান এবং টিবিজির ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।
১২টি বাউটের এই প্রতিযোগিতায় বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেন। একাধিক ম্যাচে ছিল উত্তেজনাপূর্ণ লড়াই ও চমকপ্রদ ফলাফল।
বাংলাদেশের ইয়াহসান হাসিন প্রথম বাউটে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতে নেন। অন্যদিকে নিক চুয়া, শন রাফায়েল স্যানি এবং থাইল্যান্ডের নাট্টাওয়াত কাওখানচুম-সহ বেশ কয়েকজন প্রতিযোগী নিজ নিজ বাউটে জয় পান।
নারীদের বক্সিং বাউটে বাংলাদেশের সানজিদা জান্নাত জয়লাভ করেন, যা দর্শকদের বিশেষভাবে উচ্ছ্বসিত করে।
শেষ বাউটে বাংলাদেশের মোহাম্মদ রাশেদ থাইল্যান্ডের প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতে নেন, যা পুরো আসরের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এবং কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করার লক্ষ্যে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্ম দেশীয় ফাইটারদের জন্য বিশ্বমঞ্চে সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রিন্ট করুন











Discussion about this post